নাঙ্গলকোটে স্কুলে তালা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪২
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটের বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্কুলে অনুপস্থিত থাকায় মঙ্গলবার তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন কমিটির সদস্যরা।
প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিকে নিয়মে পরিণত করে চলেছে। তিনি প্রতিনিয়ত স্কুলে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুর রাজ্জাক বলেন, স্কুলের প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ শিক্ষক। তিনি নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই কমিটির সদস্যরা বাধ্য হয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে তার মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।