লাইফ সাপোর্টে সাংবাদিক এবিএম মূসা

দেশের প্রথিতযশা ও প্রবীণ সাংবাদিক এবিএম মূসা রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার পরিবারের সদস্যরা জানান, শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ মার্চ তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। হাসপাতালে ভর্তির পর তাকে কয়েকবার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে এবিএম মূসা হূদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন। তার শারীরিক পরিস্থিতি বিষয়ে ডা. বরেণ চক্রবর্তী ইত্তেফাককে বলেন, রক্তের সংক্রমণ নিয়ে সাতদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি আরো জানান, আট মাস আগে এবিএম মূসার শরীরে মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোম (রক্তে সংক্রমণ) ধরা পড়ে। এর পর থেকে সুস্থতার জন্য তাকে বেশ কয়েক দফা রক্ত দেয়া হয়েছে। এর আগে তার বাইপাস সার্জারি হয়েছে এবং পেস মেকারও লাগানো আছে। এবিএম মূসার মেয়ে সাংবাদিক পারভীন সুলতানা মূসা ঝুমা ইত্তেফাককে জানান, বাবা কিছুক্ষণ আগে সাড়া দিয়েছেন। তবে চিকিত্সকরা বলেছেন, অবস্থা খুবই আশংকাজনক। পারভীন সুলতানা তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।