ইউক্রেনে রুশপন্থিদের দখল করা ভবন উদ্ধারে অভিযান
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৪৪
ইউক্রেনে রুশপন্থীদের দখল করা ভবন নিজেদেরে নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। পূর্ব ইউক্রেইনে খারকিভ শহরের সরকারি ভবন থেকে রাশিয়াপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়েছে বলে দাবি করা হয়। গতকাল মঙ্গলবার সরকার জানিয়েছে, শিগগিরই ডনেস্টক এবং লুহান্সক শহরের ভবনেরও দখল নেওয়া হবে। এদেক ন্যাটো হুশিয়ার করে দিয়েছে, রাশিয়া ফের ইউক্রেনে হস্তক্ষেপ করলে কঠিন পরিনতি ভোগ করতে হবে। খবর বিবিসির।
সোমবার রুশপন্থীরা তিনটি শহরের সরকারি ভবনের নিয়ন্ত্রন নেয়। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী দ্যানিলো লুবকিভস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকলেও বিপজ্জনক। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আলেক্সজান্ডার তুর্কিনোভ জানিয়েছেন, খারকিভ শহরের ভবনের নিয়ন্ত্রণ নিতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, কোনো গোলাগুলি ছাড়াই ৭০ জনকে আটক করা হয়েছে। তুর্কিনোভ জানিয়েছেন, যারা ভবনগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল তারা ‘সন্ত্রাসী এবং অপরাধী’ হিসেবে বিবেচিত হবে। রুশপন্থিরা সোমবার ডনেস্টককে গণপ্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে এবং এলাকাটি ইউক্রেনের শাসনমুক্ত করতে ১১ মে গণভোট করারও সিদ্ধান্ত জানায়। রাশিয়া ইউক্রেনে আরো কোনো হস্তক্ষেপ করলে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে মস্কোকে হুঁশিয়ার করেছে ন্যাটো। ওদিকে, রাশিয়া হুঁশিয়ার করে দিয়ে বলেছে, কিয়েভের নতুন অন্তর্বর্তী প্রশাসন পূর্বাঞ্চলে কোনো ধরনের সেনা অভিযান চালালে তাতে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ।