আজ দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আজ বুধবার। সোমবার ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে একদিন বিরতি দিয়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করেছে প্রশাসন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুনাচল প্রদেশ ও মেঘালয়ের ৭টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এগুলোর মধ্যে অরুণাচল প্রদেশে ২টি, মণিপুরে ১টি, মেঘালয়ে ২টি, মিজোরাম রাজ্যে ১টি ও নাগাল্যান্ডে ১টি আসন। তবে মিজোরাম রাজ্যে সোমবার থেকে ৭২ ঘণ্টার বনধের ডাক দেওয়ায় মঙ্গলবার নির্বাচন কমিশন এ রাজ্যের নির্ধারিত ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দিয়েছে। আগামী ১১ এপ্রিল এই রাজ্যের স্থগিত আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে এই প্রথমবার উত্তর পূর্বের ছয়টি কেন্দ্রের ভোটাররা ইভিএমে বোতাম টিপে ভোট দেবার সুযোগ পাবেন। যেসব এলাকায় ভোটগ্রহণ হবে সেগুলোতে নির্বাচনী প্রচারণা আগেই শেষ হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধির ব্যাপারে আবারো সবাইকে সতর্ক করে দিয়েছে। আচরণবিধি লংঘন করলে কেউ ছাড় পাবে না বলে ইসির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। ১২ মে শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ১৬ মে ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে। ১৯৫ কোটি রুপী জব্দ :এদিকে, ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ১৯৫ কোটি রুপী জব্দ করেছে নির্বাচন কমিশন। সরকারিভাবে প্রকাশিত এক তথ্যানুযায়ী, অন্দ্র প্রদেশ রাজ্য থেকে সবচেয়ে বেশি (১১৮ কোটি রুপী) অর্থ জব্দ করা হয়েছে। এছাড়া তামিলনাড়ু থেকে প্রায় ১৮ কোটি রুপী এবং মহারাষ্ট্র থেকে প্রায় ১৪ কোটি রুপী জব্দ করা হয়েছে। বিভিন্ন রাজ্যে নগদ অর্থ বিতরণ ও অবৈধভাবে প্রলোভন দেখানোর জন্য এখন পর্যন্ত ১১ হাজার ৫শ’ এফআইআর দায়ের হয়েছে।