দুইটি তদন্ত কমিটি গঠন লাইনম্যান ক্লোজড

ঢাকা-চট্টগ্রাম রেলপথের মিরসরাই আবু নগর এলাকায় ট্রেন দুর্ঘটনায় এক যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দায়িত্বে অবহেলার দায়ে লাইনম্যান সুখেন্দু সূত্রধরকে ক্লোজড করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি এবং বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতিখারকে প্রধান করে অপর কমিটি গঠন করা হয়। মাহবুবুল আলম জানান, রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের নির্দেশে এ কমিটি দু’টি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ এবং দায়ীদের শনাক্ত করতে কাজ করবে। গত সোমবার ঐ ট্রেন দুর্ঘটনায় নাছিমা আক্তার নামে এক মহিলা যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো ১০ যাত্রী। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।