প্রকাশিত সংবাদ সম্পর্কে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বক্তব্য
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২৩:০৪
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খরার কবলে বরেন্দ্রভূমি শিরোনামে খবর প্রকাশিত হয়। পত্রিকায় নমুনা স্বরূপ দু’টি মৌজার নাম উল্লেখ করা হয়। মৌজা দুটি হলো কেশবপুর, যা পল্লী বিদ্যুতের সংযোগের অধীন গভীর নলকূপ, অন্য মৌজাটি হলো মহিশালবাড়ী যা বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র আওতাধীন। মহিশালবাড়ী ও কেশবপুর মৌজার সবগুলো গভীর নলকূপ পরিদর্শন করে দেখা যায় যে, মাঠে বিদ্যুত্ বা অন্য কোন কারণে সেচের সমস্যা নেই। প্রতিটি ধানক্ষেতে প্রয়োজনীয় সেচ দেয়া আছে। মাঠে উপস্থিত কৃষকদের সাথে আলোচনায় জানা যায় যে, বিগত মৌসুমগুলোর চেয়ে এ বছর পর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহ পরিস্থিতি ভাল। প্রতিবেদন সম্পর্কে বিএমডিএ গোদাগাড়ী জোনের সহকারী প্রকৌশলী জানান, কোন পত্রিকার সাংবাদিক তার কাছ থেকে কোন সাক্ষাত্কার নেননি, মোবাইল ফোনেও যোগাযোগ করেননি। যে ছবিটি পত্রিকায় ছাপানো হয়েছে তা সাম্প্রতিক ছবি নয়। পত্রিকায় প্রকাশিত সংবাদটির কোন ভিত্তি নাই।