চট্টগ্রামে হিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি

আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতির কারণে চট্টগ্রামে আলোচিত স্কুলছাত্র হিমু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়নি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে আদালতের কার্যক্রম শুরু করতে গিয়ে দুই দফায় আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতি লক্ষ্য করে বিচারক আজ বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন। প্রসঙ্গত, ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমুকে ২০১২ সালের ২৭ এপ্রিল তার বন্ধুরা ডেকে নিয়ে পাঁচলাইশ আবাসিক এলাকায় কুকুর লেলিয়ে নির্যাতন করার পর ছাদ থেকে ফেলে দেয়া হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হিমু ঢাকার একটি হাসপাতালে মারা যান।