প্রশাসনিক বদলি নিয়ে ইসি-মমতা মুখোমুখি

প্রশাসনিক বদলিকে কেন্দ্র করে ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে তুমুল ‘স্নায়ুযুদ্ধ’ শুরু হয়েছে। কয়েকজন এসপি ও ডিসিকে বদলির যে নির্দেশ নির্বাচন কমিশন সোমবার দিয়েছিল, তা কার্যকর করতে গড়িমসি করেন মমতা ব্যানার্জি। তিনি কিছুতেই এসব বদলি মানতে হচ্ছিলেন না। এমনকি শেষ দেখে ছাড়ার হুমকি পর্যন্ত দেন নির্বাচন কমিশনকে। মমতা ব্যানার্জির এমন মন্তব্যে ক্ষুব্ধ নির্বাচন কমিশন সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলিতে ভোট বাতিল হওয়ার সম্ভাবনা আছে বলে পাল্টা হুমকি দেয়। প্রসঙ্গত, ১৭ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে পাঁচ দফার ভোট শুরু হবে। পক্ষপাতিত্বের অভিযোগে পশ্চিমবঙ্গের পাঁচ এসপি, একজন ডিএম ও দু’জন এডিএমকে বদলির নির্দেশ দেওয়া হয়। আর এতেই ক্ষুব্ধ হন মমতা। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বসেন নির্বাচন কমিশনকে। কিছুতেই তাদের বদলি করতে দিবেন না বলে প্রকাশ্য ঘোষনা দেন। বিষয়টি নিয়ে গতকাল দিনভর ইসি-মমতা উত্তেজনা চলে। দুপুরে নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় মুখ্যসচিব। কমিশনের নির্দেশ ফের বিবেচনা করার অনুরোধ জানানো হয়। কিন্তু কমিশন এই অনুরোধ খারিজ করে দেয়। এক পর্যায়ে মমতার প্রশাসন পিছু হটে এসব বদলি আদেশ কার্যকর করে। তবে এসব পদে বসানোর জন্য কিছু নাম প্রস্তাব করে মমতার প্রশাসন। কিন্তু নির্বাচন কমিশন সেটাও খারিজ করে দেয়। ফলে আরো ক্ষুব্ধ হয়েছেন মমতা।