পরিবহন ধর্মঘটে অচল পঞ্চগড়

জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রথম দিনই পঞ্চগড়ের জনজীবন অচল হয়ে পড়েছে। জেলার সকল সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় অনেকেই প্রয়োজনীয় গন্তব্যে যেতে পারেনি। সড়ক-মহাসড়কে পুলিশের চাঁদাবাজিসহ সরকার ঘোষিত অবৈধ যান ব্যাটারী চালিত অটোরিকসা, থ্রি-হুইলার, পাগলু, নছিমন-করিমন বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয়া হয়। জেলা মটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু জানান, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আলোচনার কোন উদ্যোগ নেয়া হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান। নওগাঁয়ও বাস চলাচল বন্ধ পবা (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক শ্রমিক ফেডারেশন ও নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বের কারণে রাজশাহী থেকে সরাসরি নওগাঁ ও নওগাঁ থেকে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে গত রবিবার রাত থেকে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।