যেখানে বাঘের ভয়...
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৬
যেখানে বাঘের ভয় সেখানে প্রবাদ বাক্যের কথা মেনে সেখানে আদৌ সন্ধ্যা হয় কি না তা নিয়ে ঢের তর্ক থাকতে পারে। তবে সম্প্রতি আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের দুই ছিঁচকে ডাকাত কিন্তু আসলেই তাদের জন্য নিজের অজান্তেই বড় বিপদ ডেকে এনেছিলেন। স্থানীয় একটি গাড়ি মেরামতের দোকান থেকে বেশ কিছু সামগ্রী হাতিয়ে নেওয়ার পর তারা যখন নির্বিঘ্নে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে পালানো যায় সেই পরিকল্পনা করছিলেন তখনই তাদের একজনের পকেট থেকে চাপ লেগে ফোন চলে যায় পুলিশের জরুরি সেবা কেন্দ্রে। পাশ্চাত্যে বিভিন্ন ফোন কোম্পানি চটজলদি ডায়াল করার জন্য যেসব নম্বরে শর্ট ডায়ালিংয়ের সুবিধা রাখে তারই একটি হলো এই ৯১১ বা পুলিশের কাছে জরুরী সহায়তা চাওয়ার নম্বর। আর এই শর্ট ডায়াল নম্বরে চাপ লেগেই অভিযুক্ত ডাকাতদের একজনের কাছ থেকে পুলিশের কাছে ফোন চলে আসে বলে ধারণা পুলিশের। মূলত সেদিন এই কলটি যিনি ধরেছিলেন ৯১১ এর সেই অপারেটর ফোন ধরে সরাসরি কাউকে কথা বলতে না শুনলেও নেপথ্যে দু’জনের আলাপচারিতার আওয়াজ শুনছিলেন। আর এই আলাপচারিতা শুনেই তিনি বুঝতে সক্ষম হন যে, এটি অন্য কিছু নয় বরং দু’জন অপরাধীর আলোচনা। অভিযুক্ত ওই দুই ডাকাত তখন নিজেদের অপরাধ নিয়ে কথা বলার পাশাপাশি বাইরে কোথায় কোথায় পুলিশ থাকতে পারে সে নিয়ে আলোচনা করছিলেন। ঘটনাটির মাঝে কিছু না কিছু ঝামেলা আছে আঁচ করে দ্রুতই ফোন কলটি কোন স্থান থেকে করা হয়েছে তা খুঁজে বের করেন ওই অপারেটর। আর তার এই তথ্যের সূত্র ধরে কিছুক্ষণের মাঝেই টহল পুলিশের একটি দল মিনেসোটার ম্যাপলউড শহরের একটি গাড়ি মেরামতের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করে ৩২ বছর বয়সী টড ওয়েইস ও ৩৮ বছর বয়সী জাস্টিন ইভান্সকে। এ সময় পুলিশকে দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলেও অল্প কিছুক্ষণের মধ্যেই প্রশিক্ষিত কুকুরের সহায়তা নিয়ে তাদের ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার করা হয় একটি টেলিভিশন এবং আরও কিছু মূল্যবান সামগ্রী সহ একটি বক্সও। বর্তমানে দু’জনের বিরূদ্ধেই স্থানীয় আদালতে ডাকাতির মামলা চলছে।