বিএনপি ধর্মকে ব্যবহার করে অধর্মের কাজ করে :মতিয়া

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গিবাদের সহায়ক শক্তি জামায়াত-বিএনপি। এরা ধর্মকে ব্যবহার করে অধর্মের কাজ করে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহিলা বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত কৃষি, শিল্পকে ধ্বংস করেছিল, জঙ্গিবাদের সৃষ্টি করেছিল। শেখ হাসিনা এই জঙ্গিবাদকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। তারপরও এদের ষড়যন্ত্র থেমে নেই। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নারী উন্নয়নে শেখ হাসিনার সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা বাবার পাশাপাশি মায়ের নামও লেখার সরকারি নির্দেশ দিয়েছিলেন। আজ হাইকোর্ট বাবার পাশাপাশি মায়ের নাম লেখার নির্দেশ দিয়ে সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন।