ইসলামাবাদে ফলের বাজারে বোমা বিস্ফোরণে নিহত ২৩
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২১:৩৯
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল বুধবার সকালে মেট্রো শপিং সেন্টারের পেছনের একটি ফলের বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
ইসলামাবাদের শহরতলির পির ওয়াধাই এলাকার সাবজি মানদি ফলের বাজারে ভোরে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সকালে খুচরা ফল বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের ফল বেচা-কেনার সময় বিস্ফোরণটি ঘটানো হয়। একটি ফলের বাক্সে বোমাটি পেতে রাখা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত এবং ৩৯ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা। পাকিস্তানের চিকিত্সাবিজ্ঞান ইনস্টিটিউট (পিআইএমএস)-এর মুখপাত্র আয়েশা ইসানি ইসলামাবাদে বলেন, বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে একটি তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটিকে একটি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে পুলিশ।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সূত্র জানিয়েছে, সকালের ব্যস্ত সময়ে যখন অনেক মানুষ এবং অধিকাংশ মুদি দোকানদার বাজারে আসে তখনই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বিস্ফোরণে পাঁচ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।