অধ্যাপক আনিসুজ্জামানকে বাংলা একাডেমির সংবর্ধনা

বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে বাংলা একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মভূষণ প্রাপ্তিতে ড. আনিসুজ্জামানকে অভিনন্দনসূচক আলোয়ান পরিয়ে দেন। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান একাডেমির পক্ষ থেকে আনিসুজ্জামানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ুম চৌধুরী এবং আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান। অনুষ্ঠানে আনিসুজ্জামানকে ঘিরে স্মৃতিচারণে অংশ নেন অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ, শিল্পী মুস্তাফা মনোয়ার, ড. অজয় রায়, ড. রফিকুল ইসলাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সৈয়দ হাসান ইমাম, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ইকবাল বাহার চৌধুরী, ড. আনোয়ার হোসেন, ড. হায়াত্ মামুদ, কবি আসাদ চৌধুরী, মাহবুব তালুকদার, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, বিচারপতি তাফাজ্জল হোসেন, অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভারত সরকারের দেয়া পদ্মভূষণ উপলক্ষ করে এই সমাবেশ আমাকে আরো দায়বদ্ধ করে তুলল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।