সৈয়দপুরে এইচএসসি পরীক্ষার্থীর হাত কর্তন সাবেক স্বামী আটক

মঙ্গলবার সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার সময় মরিয়ম আকতার ময়না (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর হাত কেটে দিয়েছে তার সাবেক স্বামী আবুল বাশার। স্থানীয় লোকজন ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন আবুল বাশারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বাড়ি নীলফামারী সদরের কালারবাজারে। জানা যায়, উপজেলার ধনীপাড়ার বাবুল হোসেনের মেয়ে ময়না সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য অটোরিকশাযোগে যাওয়ার পথে ঢেলাপীর নামক স্থানে আবুল বাশার তার গতিরোধ করে। এ সময় ময়নার সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাশার তার হাতের ধারালো অস্ত্র দিয়ে ময়নার ডান হাত কেটে ক্ষতবিক্ষত করে। উদ্দেশ্য- ময়না যাতে পরীক্ষা দিতে না পারে। এই অপকর্ম ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা তাকে আটক করে। গুরুতর আহত ময়নাকে প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, বাশারের সাথে ময়নার বিয়ে হয়েছিল দু’বছর আগে। কিন্তু এরপর পারিবারিক সমস্যার কারণে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।