টরেন্টোতে পদ্মা সেতু মামলার প্রি-ট্রায়াল অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২১:৫৮
৭ এপ্রিল পদ্মা সেতু দুর্নীতির প্রি-ট্রায়াল অনুষ্ঠিত হলো টরন্টের অন্টারিও সুপিরিওর কোর্ট অব জাস্টিসের কক্ষে। মোহাম্মদ ইসমাইলের আইনজীবী ক্যাথরিন ওয়ালেস ইত্তেফাককে জানান যে, কোনো শুনানি হয়নি। শুধু বিচারক নর্ডি হেইমারের কক্ষে প্রি-ট্রায়ালের আলোচনা হয়। শুনানিতে প্রথমে হয়তো গুরুত্ব পাবে আবুল হাসান চৌধুরীর বিষয়টি। কারণ মামলার পাঁচ আসামির মধ্যে চারজনই কানাডিয়ান। একমাত্র তিনিই বাংলাদেশি নাগরিক। সেই প্রেক্ষিতে তার আইনজীবী ব্রায়ান গ্রিনস্পেন প্রশ্ন তুলেছেন, কোনো বিদেশি নাগরিককে কানাডার আদালত বিচার করতে পারে কি-না? গ্রিন স্পেনের এ আবেদনের শুনানিতে সম্মতি দিয়েছে আদালত। শুনানির দিন গ্রিন স্পেন তার মক্কেল আবুল হাসান চৌধুরীর পক্ষে যুক্তি তুলে ধরবেন।