চরফ্যাশনে বিদ্যুতের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

চরফ্যাশনে বিদ্যুত্ গ্রাহকরা তাদের ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে অবশেষে রাস্তায় নেমেছে। গতকাল বুধবার সকালে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষীর নেতৃত্বে কয়েকশ’ গ্রাহক পৌর শহরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী ইত্তেফাককে বলেন, এ সময়ের মধ্যে বিদ্যুত্ পরিস্থিতির উন্নতি না হলে আজ সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি পালন এবং চরফ্যাশন বিদ্যুত্ অফিস ঘেরাও ও পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। উল্লেখ্য, গত বছরের আগষ্ট মাসে ভোলার ৩৪.৫ মেগাওয়াট সম্পন্ন রেন্টাল কেন্দ্র বিকল হওয়ার পর থেকে ভোলার সাথে চরফ্যাশন উপজেলায়ও নজিরবিহীন বিদ্যুত্ ভোগান্তি চলছে। ফলে প্রতিনিয়ত বিদ্যুত্ ভোগান্তিতে অতিষ্ঠ উপজেলার হাজার হাজার গ্রাহক।