পৃথক ঘটনায় দুইদিনে আটজন খুন

দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে আটজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এবং সংবাদদাতারা। সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা পাবনার সাঁথিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে হাজেরা (২২) নামক এক গৃহবধূর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নূরদহ গ্রামের রবিউলের স্ত্রী হাজেরাকে তার স্বামী এবং পরিবারের লোকজন মঙ্গলবার বিকালে পিটিয়ে আহত করে সন্ধ্যায় সাঁথিয়া হাসপাতালে আনলে চিকিত্সক হাজেরাকে মৃত ঘোষণা করেন। মিরসরাইয়ে জমিজমা বিরোধে নিহত ১, আহত ১ চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গাজমির বিরোধে মঙ্গলবার রাত ১০টায় ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারে এক ব্যক্তি খুন হয়েছেন। হত্যাকারীরা ওই বাজারের মিন্টু সওদাগরের চায়ের দোকানের সামনে ধারালো অস্ত্র দিয়ে পিতা ও পুত্রকে আক্রমণ করলে পিতা সুজাউল হক (৫৫) নিহত এবং পুত্র রাজিবুল হক আহত হয়। নিহত সুজাউল হক উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশখালী গ্রামের তাজুল ইসলামের পুত্র। জমিজমা সংক্রান্ত সংঘর্ষে পুঠিয়ায় নিহত ১ রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত সংঘর্ষে কৃষ্ণপুর গ্রামের ভবেশ সরকারের ছেলে সাধন চন্দ্র সরকার (৫৫) খুন হন এবং ৪ জন আহত হয়েছেন। পুঠিয়া থানাসূত্রে জানা গেছে, নিহত সাধন চন্দ্র সরকারের প্রতিবেশী নিতাই চন্দ্র শীলের মধ্যে চলে আসা দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার রাত ১০টার দিকে দুইপক্ষের সংঘর্ষ বাধে। এতে সাধন চন্দ্র সরকার (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। সাধন সরকারের ছেলে আহত অসিম কুমার (১৮), নিতাই চন্দ্র শীলের ছেলে লালন কুমার (১৮), মেয়ে শিউলী কুমারী (১৫) ও স্ত্রী মিনতি রাণীকে (৩৮) পুঠিয়া হেল্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহাদেবপুরে মাতালের হামলায় নিহত ১, আহত ২ নওগাঁর মহাদেবপুরের চাঁন্দাশ ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে কোদাল হারানোর জের ধরে গত মঙ্গলবার রাতে আনোয়ার মাতালের হামলায় প্রতিবেশী আকবর আলী, আবুল কালাম ও আব্দুস সালাম আহত হয়। তাদেরকে মহাদেবপুর হাসপাতালে ভর্তির পর আকবর আলী মারা যায়। ভৈরবে পরকীয়ার জেরে ১ ব্যক্তি খুন কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের মধ্যপাড়ায় গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় পরকীয়া প্রেমে সহযোগিতা করায় হুমায়ুন নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত হুমায়ুন কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পুলিশসূত্রে জানা যায়, জিল্লু মিয়ার তারকাটা মিলের শ্রমিক হুমায়ুন, নয়ন, লিটন, রাজু, আনিস পরিবার নিয়ে হেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকত। এ সময় আনিসের স্ত্রী মুক্তার সাথে লিটনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠলে গত কয়েকদিন আগে মুক্তা ও লিটন পালিয়ে যায়। এ সময় নিহত হুমায়ুন তাদের সহযোগিতা করে এ অভিযোগে গতকাল ভোরে আনিস ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুনকে জবাই করে হত্যা করে সে পালিয়ে যায়। নীলফামারীতে পৃথক ঘটনায় স্বামীর আত্মহত্যা, স্ত্রীকে পিটিয়ে হত্যা গতকাল বুধবার সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম বৈরাগীপাড়া গ্রামের নিপেন্দ্রনাথ কুন্ডু তার ২য় স্ত্রী রূপবতীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে একই উপজেলার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী গ্রামের বছির উদ্দিনের পুত্র নবাব আলী (৩০) তার স্ত্রী শাহিদা বেগম মিষ্টিকে (১৮) যৌতুকের কারণে মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। বরগুনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু বরগুনায় স্বামীর নির্যাতন সইতে না পেরে গতকাল বুধবার সদর উপজেলার বাওয়ালকর গ্রামের আলমগীর মোল্লার মেয়ে রোডপাড়া গ্রামের সোহেলের (২৭) স্ত্রী নাজমা আক্তার লিজা (২২) বিষপানে আত্মহত্যা করেছে। তাদের ঘরে দেড় বছরের একটি মেয়ে রয়েছে।