মোবারকগঞ্জ চিনিকলে অবসরের টাকার পরিবর্তে চিনি

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের উত্পাদিত চিনি বিক্রি না হওয়ায় চাকরি শেষে অবসরে যাওয়া শ্রমিকদের গ্রাচ্যুইটির টাকার বদলে মিল কর্তৃপক্ষ চিনির বস্তা হাতে ধরিয়ে দিয়েছে। ৪০ জন শ্রমিক-কর্মচারী প্রায় দেড় কোটি টাকার চিনি নিয়েও তা বিক্রি না করতে পেরে মানবেতর জীবন-যাপন করছেন। এদিকে চিনি বিক্রি না হওয়ায় মিল কর্তৃপক্ষের কাছে চাষীদের পাওনা রয়েছে ২১ কোটি টাকা এবং শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বেতন বাবদ প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এদিকে চলতি মৌসুমে এ পর্যন্ত ৯ হাজার ৯শ ৮৮ মেট্রিক টন উত্পাদিত চিনিসহ মোট ১৭ হাজার ৩শ ৪৬ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে। যার আনুমানিক মূল্য ৭০ কোটি টাকা। গত মৌসুমের চিনি রয়েছে ৭ হাজার ৪৫ মেট্রিক টন। ২০১১-১২ মৌসুমের উত্পাদিত চিনি রয়েছে ৩শ ৮২ মেট্রিক টন। এসব চিনি গোডাউনে নষ্ট হচ্ছে।