আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া-৬ আসনে মনোনয়ন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়ার দ্বিমতের বিষয়টি তুলে ধরে বলেছেন, ‘এটা স্পষ্ট হয়ে গেল যে, বিএনপির নেতৃত্বে কোনো সমন্বয় নেই।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বানানী বিআরটিএ নতুন ভবনের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঈদযাত্রা আরামদায়ক না হলেও স্বস্তির যেন হয়, এজন্য সজাগ থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রা স্বস্তির করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। গত ঈদের মতো সড়কের পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেতুমন্ত্রী বলেন, ‘আমার আশঙ্কা হলো টঙ্গী-গাজীপুর রাস্তা নিয়ে, এটা নিয়ে আমি উদ্বিগ্ন। রোড ট্রানজিটের কাজ চলমান থাকায় কিছুটা সমস্যা হতে পারে। এছাড়া দেশের আর কোথাও কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি, গাজীপুরের মেয়র, পুলিশ ও বিআরটিএ সেটা সমাধান করবেন।’
মতবিনিময় সভায় মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রা নির্বিঘ্ন করার জন্য তিনটি আলাদা কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান। তিনি জানান, পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), সংশ্লিষ্ট থানা, ট্রাফিক ইন্সপেক্টর, পুলিশের পেট্রোল ইন্সপেক্টর, বাস টার্মিনালের মালিক সমিতির সভাপতি সাধারণ-সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদককে রেখে তিনটি বাস টার্মিনালের কমিটি গঠন করা হয়েছে।
সভায় বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ হাইওয়ে পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে কীভাবে সড়ক নিরাপদ করা যায়, তা নিয়ে পরিকল্পনা তুলে ধরেন বিভিন্ন দফতরের কর্মকর্তারা।