ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট আগামী সপ্তাহে দাখিল করা হচ্ছে। আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জন। গতকাল বৃহস্পতিবার চার্জশিটের সাক্ষ্য স্মারক লেখা শেষ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত হত্যা মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। এদিকে, যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার গতকাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাতকে যৌন নির্যাতনের ঘটনায় সোনাগাজী থানায় মামলা করেন তার মা শিরিন আক্তার। আর নুসরাত হত্যা মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
ফেনী প্রতিনিধি জানান, নুসরাতকে যৌন হয়রানি মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। বুধবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।