দিনাজপুরের কাহারোল উপজেলার ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বয়ে যায়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার ৬টি ইউনিয়নের বেশকিছু গ্রাম। এতে আম ও লিচু গাছের প্রায় অর্ধেক ফল ঝরে গেছে। ফলে চরম ক্ষতির মুখে পড়েছে স্থানীয় চাষিরা।
গতকাল ভোরে ঝড়ের পাশাপাশি বিদ্যুতের ঝলকানিতে শুরু হয় বৃষ্টি, ঝড়ের প্রচণ্ড আওয়াজে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এলাকার মানুষ। প্রচণ্ড ঝড়ে বনজ, ফলদসহ বিভিন্ন প্রকার গাছ দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে রাস্তা, ধান খেত ও বাড়ির প্রাচীরের ওপর। জমিতে শুয়ে পড়েছে পাকা ধান। সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দিনাজপুরের কাহারোলে। অপরদিকে আম লিচু চাষিরা পড়েছেন বিপাকে। হঠাত্ ঝড়ে অর্ধেকের বেশি ফল ঝরে গেছে। এর আগে প্রচণ্ড দাবদাহে লিচু ঝরে পড়ে। সব মিলিয়ে মুখে হাসি নেই আম ও লিচু চাষিদের।