রাজনৈতিক মামলা বন্ধ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিতে হবে
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৩৫
সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সম্প্রতি আপিল বিভাগের একটি রায়ের জন্য হাইকোর্ট আগাম জামিনের আবেদন গ্রহণ ও শুনানি বন্ধ করে দিয়েছে। কিন্তু দেশে রাজনৈতিক বিবেচনায় অসংখ্য মামলা হচ্ছে এবং এসব মামলায় ৮/১০ আসামির নাম দিয়ে অজ্ঞাতনামা অসংখ্য মানুষকে আসামি করা হচ্ছে। পুলিশ এই সুযোগে ‘গ্রেফতার-বাণিজ্য’ চালাচ্ছে।
গতকাল বুধবার সমিতির দক্ষিণ হলে আয়োজিত সাধারণ সভায় খন্দকার মাহবুব এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সাইদুর রহমান, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
সভায় জ্যেষ্ঠ সকল বিচারককে আগাম জামিনসহ ফৌজদারি মোশন ও ফৌজদারি মামল?া বিচারের এখতিয়ার প্রদানের জন্য প্রধান বিচারপতিকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়।
খন্দকার মাহবুব আরও বলেন, ‘সম্প্রতি আপিল বিভাগ খন্দকার মোশাররফের আগাম জামিন থাকবে কি-না, সেই বিষয়টি নিষ্পত্তি না করে সব আগাম জামিনের বিরুদ্ধে একটি রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হলে আগাম জামিন পাওয়া যাবে না।’
তিনি বলেন, যখন রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকে, নিম্ন আদালত যখন রাজনৈতিক প্রভাবে বা অন্য কোন কারণে স্বাধীনভাবে বিচার করতে পারে না, তখন মানুষ আগাম জামিনের জন্য হাইকোর্টে আসেন। যতক্ষণ পর্যন্ত দেশে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও পুলিশের ‘গ্রেফতার বাণিজ্য’ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আগাম জামিন দিতে হবে। আগাম জামিন শুধু আইনজীবীদের স্বার্থে নয়, এটা দেশে আইনের শাসন রক্ষার ক্ষেত্রে দরকার।