তারেকের মন্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী
এ ধরনের কথা যারা বলেন তাদের মস্তিষ্ক পরীক্ষা করা উচিত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৩৬
‘বঙ্গবন্ধু অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন’— বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এ ধরনের বক্তব্য অগ্রাহ্য করা ছাড়া আমার কোন অভিব্যক্তি নেই। এ ধরনের কথা যারা বলেন তাদের মস্তিষ্ক পরীক্ষা করা উচিত। তিনি বলেন, যা আলোর মত সত্য তা নিয়ে অযথা কথা বলার কিছু নেই। যারা সত্য পাল্টানোর চেষ্টা করছে তারা এসব অবান্তর কথা বলে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যড়যন্ত্র করছে। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়া উচিত। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, তারেক ও আরাফাত রহমান কোকো দু’জনই পলাতক। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারের ব্যবস্থা নেবে।
এর আগে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্সের কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইনমন্ত্রীর সভাপতিত্বে সভায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমেদ, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার এবং টাস্কফোর্সের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভা শেষে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনতে জটিলতা আছে। কানাডা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত দেয় না। তাকে ফিরিয়ে আনা জটিল হলেও প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি বলেন, বাংলাদেশের দণ্ডবিধিতে ও অন্যান্য আইনে মৃত্যুদণ্ডাদেশের যে বিধান আছে তা পরিবর্তনের কোন চিন্তাভাবনা সরকারের নেই।