বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।
যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, বিএনপির মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও সাবেক জেলা সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, রেজাউল করিম বাদশা, জাতীয় পার্টি মনোনীত জেলা জাপার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের জেলা সভাপতি মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মুফতি মাওলানা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক ইউয়িনের সাবেক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠু, মো. মিনহাজ। এর আগে ২২ এপ্রিল মনোনয়ন জমা দেন সদর আসনের সাবেক এমপি ও জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমর। আগামী ২৪ জুন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।