রংপুর মেডিক্যালে ইন্টার্নি ডাক্তারদের ধর্মঘট স্থগিত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৪১
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিত্সকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট টানা ৩ দিন পর গতকাল বুধবার স্থগিত করা হয়েছে। এসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমে ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা কাজে যোগদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি রিজু আহমেদ বিপ্লব বলেন, হাসপাতাল-কলেজ ও ছাত্রাবাসে সন্ত্রাস প্রতিরোধ ও নিরাপত্তাসহ ৬ দফা দাবি হাসপাতাল ও কলেজ প্রশাসন পূরণের আশ্বাস দেয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে দাবি-দাওয়া পূরণ করা না হলে আবারও আন্দোলন শুরু করা হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক ডা. কাজী ফায়জুল কাদির পুষ্প, সাংগঠনিক সম্পাদক ডা. জাকারিয়া খান, সহ-সভাপতি ডা. জিয়াউল হাসান শিপু, সহ-সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মোহাম্মদ নাঈম প্রমুখ।