করোটির লালমাছি
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ১৯:৩৮
ঘড়িতে তখন অন্যদিন
মেঘের চশমা পরে হেঁটে যায় রোদ
বাড়ি ফেরে না, নিশ্চুপ দ্রুত চলে যায়
মুছে যায় সৌন্দর্যের যতিচিহ্ন, উপমার স্মৃতি;
কৃষ্ণপক্ষ হাঁটু ভাঁজ করে বসে থাকে,
প্রমিথিউসকে না বলে দিয়েছে অশ্লীল আঙুল;
মৃত্যু ভয়ের প্যাকেজ তৈরি করে সেই সব দিন
দুপুর পালানো ছায়াবাড়ির ভেতর পড়ে থাকে
সভ্যতার ছেঁড়া শোকচিহ্ন
রক্তভেজা ভাঙাঘড়ি
দীর্ঘশ্বাস;
না ঘুমানো রাত্রির বিলাপ
ছিঁড়ে-ফাঁড়া স্মৃতির আঁচল
রঙিন কামিজ, নীলফিতা, ভাঙাচুড়ি
করোটির লাল মাছি;
ওরা বুঝেনি পেছনে ফেলে গেছে মারাত্মক ভুল
গহিন রাত্রির আড়ালে লুকানো আরেক আকাশ
টকটকে লাল সূর্য