হমসে গাড়িবোমা বিস্ফোরণ নিহত ২৫, আহত শতাধিক

সিরিয়ার হমসে দু’টি গাড়িবোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা একথা জানিয়েছে। এ বিস্ফোরণের জন্য সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। এদিকে বিদ্রোহীদের সাথে দীর্ঘ লড়াইয়ের পর বুধবার রানকোস শহর দখলে নিয়েছে আসাদ বাহিনী। পৃথক একটি ঘটনায় বিদ্রোহী নিয়ন্ত্রিত দামেস্কের উত্তরে রানকোস শহরে সরকারি বাহিনীর হাতে তাদের পতনের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, মোট ১৮ ঘন্টা ধরে চূড়ান্ত লড়াইয়ের পর রানকোস দখলে নিয়েছে বাশার বাহিনী। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর বিদ্রোহীদের পরাজিত করে সরকারি বাহিনী। ওদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতিতে একমত হওয়ার পর স্থানীয়দের অনুরোধে রানকোস থেকে বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে নেয়া হয়। স্থানীয় সরকারি কর্মকর্তারা আলোচনা করে এ যুদ্ধবিরতি কার্যকর করেছে বলে মানবাধিকার সংগঠনটি জানিয়েছে। এছাড়া দেশটির হমস শহরে বোমা বিস্ফোরণের খবরও জানিয়েছে সংগঠনটি। তারা জানায়, ঐ এলাকায় আলাউতি সম্প্রদায়ের লোক বেশি থাকায় হামলাটি হয়েছে। কেননা প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ সম্প্রদায় থেকেই এসেছেন। সানার প্রতিবেদনে জানা গেছে, দু’টি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১০৭ জন। কারাম আল লুজ জেলায় সংঘটিত এ বিস্ফোরণের জন্য প্রতিবেদনটিতে সন্ত্রাসীদের দায়ী করা হয়।