তেহরান পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না :খামেনি

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিবাদের সমাপ্তি ঘটাতে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করায় তার দেশকে সমর্থন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণু বোমা তৈরি করছে বলে তেহরানবিরোধী যে গুজব রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে এ আলোচনা সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। তবে তেহরান তার এ কর্মসূচি থেকে সরে আসবে না বলেও জানান খামেনি। গত বুধবার দেশটির পরমাণু প্রযুক্তি দিবসে খামেনি এসব কথা বলেন। দেশটির এই গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে পরমাণু বিজ্ঞানি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকা খুব ভাল করেই জানে আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না। কিন্তু তারা প্রতিটি সময় আমাদের ওপর এ অভিযোগ চাপিয়ে যাচ্ছে এবং ইরানবিরোধী প্রচারণা জিইয়ে রাখছে। আর এ কারণেই সরকারের এ আলোচনার উদ্যোগে আমিও একমত। এতে করে গুজবের সমাপ্তি ঘটবে এবং বিশ্বের কাছে সত্যটা প্রকাশ পাবে। তিনি বলেন, কোন কিছুই আমাদের পরমাণু অগ্রগতিকে বন্ধ করতে পারবে না এবং আমাদের এ বিষয়ে কারো দর কষাকষিরও কোন সুযোগ নেই। ইরান আশা করছে এ চুক্তি স্বাক্ষরিত হলে তাদের ওপর আরোপিত কয়েক দশকের অবরোধের পরিসমাপ্তি ঘটবে। কেননা এর ফলে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে পড়ছে। এদিকে আগামী জুলাই মাসের ভেতর চুক্তি হতে পারে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনায় দু’দিনের বৈঠক শেষে দু’পক্ষের সসম্মতিতে চুক্তির শতকরা ৬০ ভাগ সম্পন্ন হয়েছে।