স্মৃতি ইরানির কাছে হারলেন রাহুল

ভারতের লোকসভা নির্বাচেন এবার হেভিওয়েট প্রার্থীর তালিকা দীর্ঘ। চলচ্চিত্র জগতের তারকা যেমন আছেন তেমনি আছেন রাজনৈতিক তারকারা। রাজনৈতিক তারকাদের মধ্যে দু’টি আসনের একটিতে হেরে ইতোমধ্যেই বিরোধী প্রার্থী স্মৃতি ইরানিকে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী। ৪০ বছর পর উত্তরপ্রদেশের আমেথির আসনটি হাতছাড়া হলো গান্ধী পরিবারের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসী আসনে মূল বিরোধী দল কংগ্রেসের অজয় রায়কে হারিয়েছেন ব্যাপক ভোটের ব্যবধানে। ২০১৪ সালেও বড় ব্যবধানে বিরোধী প্রার্থীকে হারিয়েছিলেন মোদি। কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী উত্তরপ্রদেশের আমেথি থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়াই করেন। এখানে হারার পর তিনি স্মৃতি ইরানিকে অভিনন্দন জানিয়েছেন। তবে কেরালার ওয়ানাড় কেন্দ্রে চার লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। এবারই প্রথম দক্ষিণ ভারতের এই কেন্দ্রের প্রার্থী হন রাহুল। আমেথিতে ২০০৪ সাল থেকে জয়ী হয়ে আসছেন রাহুল। গত ৪০ বছর ধরে আসনটি গান্ধী পরিবারের দখলে ছিল। নির্বাচনে সার্বিক ব্যর্থতায় ইতোমধ্যে রাহুলের পদত্যাগের দাবি উঠেছে। একটি সূত্র জানিয়েছে, রাহুল নিজেও পদত্যাগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে এর সত্যতা পাওয়া যায়নি। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে জয় পেয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ নেত্রী ও কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। কংগ্রেসের অন্য তারকা প্রার্থীদের মধ্যে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর এবং কলামিস্ট শশী থারুর জয় পেয়েছেন। তবে কংগ্রেসের দিগ্বিজয় সিংহ, লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, শত্রুঘ্ন সিনহা, অভিজিত্ মুখার্জি ও জেডিএস’র এইচ ডি দেবগৌড়া হেরেছেন। কাশ্মিরের শ্রীনগরে জয় পেয়েছেন ফারুক আব্দুল্লাহ। হেরে গেছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

গুজরাটের গান্ধীনগরের আসন থেকে লড়াই করেছেন বিজেপির সভাপতি অমিত শাহ। তার আসনে আগে প্রার্থী ছিলেন প্রবীন রাজনীতিক এল কে আদভানি। এ ঘটনায় বিরোধীরা তার সমালোচনা করলেও ভোটাররা তার ওপরই আস্থা রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ লড়াই করেছেন লক্ষেৗর একটি আসনে। এখানে তার তিনজন প্রতিদ্বন্দ্বী। তারপরও তিনি জয়লাভ করেছেন। বিজেপির মানেকা গান্ধী ও বরুণ গান্ধী জয়ী। জয়ের তালিকায় আরো আছেন বিজেপির ক্রিকেট তারকা গৌতম গাম্ভীর, হেমা মালিনী, সানি দেওল, ভি কে সিংহ, প্রয়াগ সিংহ ঠাকুর ও বাবুল সুপ্রিয়সহ অনেকে। উত্তরপ্রদেশের আসনে জয়ী হয়েছেন মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদব। পশ্চিমবঙ্গে হেরেছেন মুনমুন সেন।  -এনডিটিভি