রপ্তানির নতুন বাজার খোঁজার আহ্বান

রপ্তানি বাড়ানোর জন্য পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে দেশের শিল্প উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ইউরোপ ছাড়াও সার্কভুক্ত দেশ, আসিয়ান অঞ্চল, চীন ও জাপানে বাংলাদেশি পণ্য ক্রমেই শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। আঞ্চলিক বাণিজ্যের এ সুবিধা কাজে লাগাতে পরিকল্পিতভাবে শিল্প-কারখানা স্থাপন ও পণ্যের গুণগত মান বাড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত “আগামী দশকের জন্য শিল্পায়নের কৌশল” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রেসিডেন্ট একে আজাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর অতিরিক্ত পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এআর খান, বিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন।