দিনাজপুরে স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২১:১৭
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
স্ত্রী নির্যাতন মামলার আসামি পুলিশ কনস্টেবল আবুল বাশার প্রামাণিক গতকাল বুধবার দিনাজপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ মার্চ সন্ধ্যায় শহরের নিউটাউন এলাকার বাড়িতে কনস্টেবল আবুল বাশার স্ত্রীকে বেদম মারধর করে। এঘটনায় আহত আয়েশা সিদ্দিকাকে রাতেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্দিকার পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পরদিন থেকে থানায় মামলা করার চেষ্টা করলেও পুলিশ মামলা নিতে নানা টালবাহানা করে। কনস্টেবল বাশারকে পুলিশ কর্মকর্তারা ৬ মার্চ থেকে ৭ দিনের ছুটি দিয়ে কর্মস্থল থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে গত মঙ্গলবার কোতয়ালী থানা মামলাটি গ্রহণ করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিম আয়শা সিদ্দিকা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার পর সাময়িক বরখাস্ত আবুল বাশার কিছুদিন পলাতক থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে গতকাল দিনাজপুরের নিম্ন আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করলে আদালত তা না-মঞ্জুর করেন।