ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় আহত ৪০ : ভাংচুর অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা প্রতিপক্ষের ৫/৬টি দোকান ভাংচুর ও লুটপাট চালায় এবং একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। জানা যায়, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাউসার মোল্লার সমর্থক সদর উপজেলার নাটাই গ্রামের ছলিমের পক্ষের মোঃ আলীকে মারধর করে মহসিন মিয়ার সমর্থক চান্দের গ্রুপের কালাম। এখবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৪০জন আহত হয়। আহতদের মধ্যে অনেককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় চান্দের গ্রুপের লোকজন বটতলী বাজারের ছলিমের গোষ্ঠীর ৫/৬টি দোকান ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষস্থল থেকে পুলিশ ৬ দাঙ্গাবাজকে আটক করে।