গৌরীপুরে ঝড়ে মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বুধবার রাতে কাল বৈশাখী ঝড়ে এক মাদরাসা ছাত্র নিহত ও ১০ জন আহত হয়েছে। এছাড়া গাছপালা, কাঁচা ঘরবাড়ি উঠতি বোর ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ে গাছপালা উপড়ে বিদ্যুত্ লাইনে পড়ার কারণে উপজেলা রাত থেকে প্রায় ১০ ঘন্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন ছিল। ঝড়ে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা সাহাদত উলুম নুরানী হাফিজিয়া মাদরাসা ছাত্রাবাসের উপর উপড়ে পড়া বিশাল রেন্ট্রি গাছের চাপায় মাদরাসা ছাত্র মোঃ নাঈম (১০) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাহারুল ইসলাম, আসাদুল কবির, রেদুয়ান, মোস্তাকিম, মেহেদি হাসান, রাশেলসহ ১০ জন আহত হয়। এদের মাঝে গুরুতর আহত বাহারুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রচণ্ড ঝড়ে উল্লেখিত ইউনিয়নের তেরশিরা বাজারের ১১টি দোকান ঘর ও ৬০টির মত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্তসহ কয়েকশ ফলদ-বনজ গাছ উপড়ে পড়ে। অপরদিকে একই রাতে প্রচণ্ড ঝড়ে পৌরশহরসহ উপজেলার ডৌহাখলা, ভাংনামারী, সিধলা, সহনাটী, মাওহা, ২নং গৌরীপুর, অচিন্তপুর, মইলাকান্দা, বোকাইনগর ইউনিয়নের গ্রামীণ জনপদে সহস াধিক ফলদ-বনজ গাছপালা ও ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড় ও শিলা বৃষ্টিতে ১ হাজার হেক্টর উঠতি বোরো ধান এবং প্রায় ৬শ হেক্টর শাকসবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।