ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি টানা দ্বিতীয়বারের মতো জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগসহ ১৪ দল। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দ্বিতীয় মেয়াদে বিজেপি ক্ষমতায় আসায় ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু অমীমাংসিত বিষয়ে সুরাহা হবে। গত ৫ বছরে বিজেপি ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালোই ছিল। এবারও সেই যাত্রা অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বিশাল বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উঞ্চ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের জনগণের ভোটে বিশালভাবে নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদি রেকর্ড সৃষ্টি করলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন বিদ্যমান। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় তারা যে সহায়তা করেছিল তা বাংলাদেশ সব সময় স্মরণ করে। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক রয়েছে। উভয় দেশ অনেক ক্ষেত্রেই একে অপরের সহযোগিতা করছে। এই সুসম্পর্ক আরো দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে উচ্চতায় পৌঁছায়, এবারের বিজয়ের ফলে তা নতুন মাত্রা পাবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, আজ শুক্রবার দলের সম্পাদকমন্ডলীর বৈঠক হবে। সভা শেষে দলীয়ভাবে ভারতের নির্বাচন নিয়ে কথা বলবে আওয়ামী লীগ। তবে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের ক্ষমতায় বিশ্বাসী ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। যেখানেই হোক, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল আওয়ামী লীগ। জনগণের সরকারের সঙ্গে কাজ করবে আওয়ামী লীগ। এদিকে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে উষ্ণতার সূচনা হয়েছিল এবারের বিজয়ের ফলে তা নতুন মাত্রা পাবে। ওমর ফারুক চৌধুরী আশা করেন যে, দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে উপমহাদেশের তরুণদের উন্নয়নের জন্য তিনি বাস্তবানুগ পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করবেন।