নারীকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় :মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাদের ক্ষমতায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারীরা পরিবার, সমাজ ও জাতির মেরুদণ্ড। উন্নয়ন, প্রগতি, জীবনের মানোন্নয়নে নেতৃত্ব দেন তারা। তারাই পরিবর্তন নিয়ে আসেন। গতকাল বৃহসপতিবার সকালে রংপুর মহানগরীর রাজেন্দ্রপুরে প্রাকৃতিক নীলের ডাইং কারখানা এবং বিকেলে নিসবেতগঞ্জ শতরঞ্চি পল্লী পরিদর্শনসহ একটি সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল তা বাস্তবে পরিণত করা সম্ভব হবে। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে এক সভায় উপস্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, আমরা নারীদের যোগ্য, দক্ষ ও কর্মঠ মানুষ হিসেবে দেখতে চাই। তিনি নারীদের স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর জ্যানিনা জারুজেলসকি, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, ইউএসএইড বাংলাদেশের জেন্ডার উপদেষ্টা মাহমুদা রহমান খান, কেয়ারের কান্ট্রি ডিরেক্টর জেমি তারজি প্রমুখ।