এমপি মোজাম্মেলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

মত্স্য উন্নয়ন অধিদপ্তরের অর্থে নিজেদের পুকুর খননের অভিযোগে শরীয়তপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হকসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি কমিশনের নিয়মিত বৈঠকে এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। ইতিমধ্যে কমিশন থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালককে এ অভিযোগ অনুসন্ধানের জন্য তার অধীনস্থ একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিতে নির্দেশ দেয়া হয়েছে। দুদকসূত্র জানায়, মত্স্য উন্নয়ন অধিদপ্তরের আওতায় জাজিরা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় তিনটি প্রকল্পের মাধ্যমে ১১টি পুকুর ও খাল খনন করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের এমপি এ বি এম মোজাম্মেল হকের নিজ বাড়ির একটি পুকুর (জাজিরা বিলাশপুর জানখারকান্দি ভূঁইয়াবাড়ির পেছনের পুকুর) ছাড়াও আটটি ব্যক্তিগত পুকুর রয়েছে। এছাড়া জাজিরা উপজেলায় সেনের চর ও বিকেনগর ইউনিয়নে নামমাত্র দুটি খাল খনন করা হয়েছে। সূত্র আরো জানায়, প্রকল্পের নামকরণের সঙ্গে মত্স্যজীবী ও দরিদ্র মানুষের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।