শ্রীপুরে ১২ ঘণ্টায় ৫ লাশ উদ্ধার

গতকাল বৃহস্পতিবার শ্রীপুর থানা পুলিশ ১২ ঘন্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫টি লাশ উদ্ধার করেছে। এব্যাপারে থানায় তিনটি হত্যা ও দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার গোসিংগা ইউনিয়নাধীন গাজিয়ারন গ্রামের গজারী বনে বিবস্ত্র ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে হত্যাকারীরা প্রথমে তাকে ধর্ষণ করে এখানে লাশ ফেলে যায়। উপজেলার বরমী ইউনিয়নাধীন পুরাতন (বরামা) বাসষ্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত ঘরের চৌকির নিচে ৫ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান সায়েমের (১০) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে সে নিখোঁজ ছিল। উপজেলার প্রহলাদপুর ইউনিয়নাধীন কদমা গ্রাম থেকে গৃহবধূ মানছুরা বেগমের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়,স্বামী খোরশেদ আলম ১ লাখ টাকা যৌতুক না পেয়ে বুধবার রাতে স্ত্রী মানছুরাকে পিটিয়ে হত্যা করেছে। উপজেলার গোসিংগা ইউনিয়নাধীন পটকা গ্রামের রিকশা চালক শাহিনের স্ত্রী পারুল আক্তারের (২৩) লাশ পুলিশ শ্রীপুর সরকারি হাসপাতালের বারান্দা থেকে উদ্ধার করেছে। পুলিশ জানায়, নিহত পারুল আক্তার অজ্ঞাত কারণে মারা গেছে। ঘটনার পর থেকে স্বামী শাহিন পলাতক। পুলিশ উপজেলার মাওনা ইউনিয়নাধীন চকপাড়া গ্রামে মামা আব্দুল খলিলের ঘর থেকে ভাগিনা ছাদিকুলের (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, পিতা মফিজ উদ্দিনের সাথে মায়ের বিচ্ছেদের কারণে ছাদিকুেলর মানসিক সমস্যা দেখা দিয়েছিল।