ঢাকা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষা ৮ জুন
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২৩:১৯
প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ১০ এপ্রিলের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। নতুন প্রশ্নপত্রে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় বুধবার রাতে বৃহস্পতিবারের এইচএসসি ও ডিআইবিএসের (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়।
পরীক্ষা পেছানোর কারণে ফল প্রকাশে বিলম্ব হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, এর আগেও আমরা বিভিন্ন সমস্যায় পড়েছি। তারপরও ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করেছি। আশা করি এবারো এর ব্যত্যয় হবে না।
গত ৩ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা ৫ জুন শেষ হওয়ার কথা ছিল। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু হয়ে শেষ হওয়ার কথা ১৬ জুন।
প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড পৃথক দুটি কমিটি গঠন করেছে। উভয় কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।