নিখোঁজ বিমান অনুসন্ধানে আরো অগ্রগতির দাবি
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২৩:২২
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধানে বড় ধরনের অগ্রগতি হয়েছে। শিগগিরই এই বিমানের ব্ল্যাক বক্স পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অনুসন্ধান দলের প্রধান এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হিউস্টন। নিখোঁজ এমএইচ৩৭০’র ব্ল্যাক বক্স থেকে আরো শব্দ সংকেত সন্ধানে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ ভারত মহাসাগরের একটি সুনির্দিষ্ট ছোট এলাকা সীমাবদ্ধ করা হয়েছে। খবর বিবিসি ও এএফপি’র।
হিউস্টন বলেন, বিমান কিংবা বিমানটির ধ্বংসাবশেষ এখন খুঁজে পাওয়া যাবে বলে আশা করছি। এটি খুঁজে পেতে আর খুব বেশি দেরি নেই। বোয়িং ৭৭৭ নিখোঁজ হওয়ার এক মাসেরও বেশি সময় পর বিমানটি’র ব্যাটারির চার্জ নিঃশ্বেষ হয়ে আসার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার নেতৃত্বধীন অনুসন্ধান অভিযানের প্রধান অ্যাঙ্গাস হিউস্টন নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের সন্ধানে সাগরের তলদেশে একটি স্বয়ংক্রিয় সাবমেরিন প্রেরণের আগে বিমানটির সঠিক অবস্থান সুনির্দিষ্ট করার সহায়তায় শ্রবণ অভিযান চালিয়ে যেতে চান। হিউস্টন’স জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি) গতকাল ঘোষণা করেছে, অস্ট্রেলিয়ার পশ্চিমে তল্লাশি অভিযান এখন ৫৭ হাজার ৯শ’ ২৩ বর্গ কিলোমিটার এলাকায় কমিয়ে আনা হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার জাহাজ ওশান শিল্ড পার্থের উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরের ২ হাজার ২৮০ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র ক্ষেত্রে অনুসন্ধান চালাচ্ছে। এখানে মঙ্গলবার তারা দুটি নতুন শব্দ সংকেত শনাক্ত করে। যা আগে শনাক্ত করা শব্দ সংকেতের সঙ্গে মিলে যায়। এই পারিস্থিতিতে হিউস্টন আগামী কয়েক দিনের মধ্যে সাগরের তলদেশে কিছু একটা খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী। ৮ মার্চ মধ্যরাতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং কোম্পানি নির্মিত মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়।