পশ্চিমবঙ্গে জয় পেতে মমতাকে তুলাধুনা করলেন মোদী

দুই মাসের ব্যবধানে ভোল পাল্টে ফেললেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদী। গত ফেব্রুয়ারিতে ব্রিগেডে দাঁড়িয়ে মোদী ভূয়সী প্রশংসা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কিন্তু এবার মমতার রাজ্যে হানা দিতে সরাসরি তাকে টার্গেট করলেন মোদী। শিলিগুড়িতে এক জনসভায় ভাষণে মমতাকে কঠোর ভাষায় আক্রমণ করে ভাষণ দিলেন তিনি। মমতার রাজ্য সরকারের কাজের তুমুল সমালোচনা করলেন। তিনি অভিযোগ করলেন, মমতার নেতৃত্বে রাজ্যে কোনো পরিবর্তন আসেনি। মমতা কেবল ভোটব্যাংকের রাজনীতি করেন বলে তিনি অভিযোগ করেন। এর আগে ফেব্রুয়ারিতে ব্রিগেডের সভায় তৃণমূল নেত্রীর সম্পর্কে বেশ নরম সুরেই কথা বলেছিলেন মোদী। এমনকি বাংলায় দিদি এবং দিল্লিতে বিজেপির ডাকও দেন তিনি। এর ফলে সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে একটা জল্পনা তৈরি হয়। কিন্তু টলেননি মমতা। পরিবর্তে মোদী সম্পর্কে বিষোদগার করে গেছেন তৃণমূল নেত্রী । একারণে মমতা হয়ে পড়েছেন মোদীর টার্গেট। গতকাল মোদী বলেন, বাংলায় যখন সরকার পরিবর্তন হল, আমি ভেবেছিলাম এবার এখানে উন্নয়ন হবে। কিন্তু কিছুই হল না। মমতা কেবল ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রীজি, আপনি যতই কাদা ঘাঁটবেন, ততই পদ্মফুল ফুটবে। এরপর উপস্থিত জনতার প্রতি তিনি প্রশ্ন করেন, কত দিন পার হয়ে গেছে, এ রাজ্যে নতুন সরকার দায়িত্বে এসেছে। আপনারা কি সত্যিই কোনও পরিবর্তন দেখতে পেয়েছেন?