সংবাদ কণিকা

প্রাচীন চিকিত্সায় রোমানিয়া মৌমাছির হুল, মধু যে নানা রোগের চিকিত্সায় খুব উপকারী সেটা আবারো উপলব্ধি করেছেন রোমানীয়রা। প্রাচীনকাল থেকে নানা রোগের ওষুধ হিসেবে ব্যবহূত হয় মৌ-পণ্য। সেই প্রথাকে এখন বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তারা। প্রাচীন গ্রিসে হিপোক্রেটিস ক্ষত সারানোর জন্য মধু ব্যবহার করেছিলেন। মৌমাছির গায়ে যে পরাগ লেগে থাকে রোমানীয়দের কাছে সেটা ‘জীবনদানকারী পরাগ’। ভারত, চীন, মিশরেও মধু বহু রোগের ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। বিশেষ করে মৌচাক থেকে পাওয়া প্রপোলিস জনপ্রিয় অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। —এপি ঝুঁকিতে লাখ লাখ পাসওয়ার্ড ইন্টারনেটে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় ব্যবহূত ‘এনক্রিপশন’ পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। যাতে লাখ লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বরসহ স্পর্শকাতর সব তথ্য ঝুঁকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ‘ডেটা স্ক্র্যম্বলিংয়ে’ ব্যবহূত ওপেন এসএসএল এনক্রিপশনে এই ত্রুটি রয়েছে গত প্রায় দু’বছর ধরে। এর সুযোগ নিয়ে ওপেন এসএসএল ব্যবহার করে এমন ওয়েব সার্ভার থেকে তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। —এএফপি কলম্বিয়ায় এসিড হামলা বাড়ছে কলম্বিয়ায় বুধবার এসিড হামলার শিকার ২২ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে। দেশটিতে নতুন ধরনের এ জাতীয় হামলার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাত্র গত দু’সপ্তাহের মধ্যে কলম্বিয়ায় এটি পঞ্চম এসিড হামলার ঘটনা ছিল। তবে এর আগের হামলায় কেউ মারা যায়নি। এদের সকলে নারী ছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জুয়ান কার্লোস পিনজোন বলেন, এ ধরনের হামলার প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাওয়ার বিষয় বিবেচনা করে এসিডের বিক্রি আরো কড়াকড়ি করা হতে পারে। —এএফপি স্বাভাবিক জীবনে ফিরছে মোগাদিশুরা ২০০৯ সাল থেকে সোমালিয়ার রাজধানী মোগাদিশু আল শাবাবের নিয়ন্ত্রণে ছিল। এই সময়কালে সেখানে শরীয়া আইন চালু রেখেছিল ইসলামী এই জঙ্গি সংগঠনটি। যার ফলে মানুষের জীবনযাত্রার উপর ছিল নানা ধরনের বাধা-নিষেধ। আল শাবাবকে হটিয়ে দেবার পর মোগাদিশুর মানুষ আবার তাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। শহরের কেন্দ্রে প্রতি শুক্রবার আয়োজন হচ্ছে ঐতিহ্যবাহী নাচ-গানের। —বিবিসি