গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১১ দিন ধরে নিখোঁজ ছিলেন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর ইসমাইল হোসেন জিসান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসিবুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  নিহত ইসমাইল হোসেন জিসান গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার কাথোরা এলাকার সাব্বির হোসেন শহিদের ছেলে। সে ঢাকার মিরপুরের ইউরোপিয়ান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলো। ৪ ভাইবোনের মধ্যে জিসান ছিলেন দ্বিতীয়।

গাছা থানার এসআই ফোরকান জানান, গত ১২ মে ঢাকার শেরেবাংলা থানা এলাকা থেকে মোটরসাইকেল যোগে গাজীপুরের কাথোরায় নিজ বাড়িতে আসার পথে নিখোঁজ হন ইসমাইল হোসেন জিসান। এ ঘটনায় পরদিন গাছা থানায় এবং ১৬ মে ঢাকার শেরে বাংলা নগর থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন তার পিতা সাব্বির হোসেন শহিদ।

ঢাকার শেরেবাংলা থানার এসআই সুজানুর রহমান জানান, জিডির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোপন সূত্রে জানতে পারেন এ ঘটনার সন্দেহভাজন আসামি হাসিবুল ইসলাম গাছা থানা এলাকায় অবস্থান করছে। পরে গাছা থানা পুলিশের সহযোগিতা নিয়ে কামারজুরি এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে হাসিবুলকে আটক এবং তার কক্ষ থেকে নিখোঁজ জিসানের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আটক হাসিবুলের স্বীকারোক্তি ও দেখানো মতে ওই বাসার সেপটিক টাংক থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।