কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি

‘কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও-ধানসহ ফসলের লাভজনক দাম চাই, প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু কর, ধানের মান যাচাইয়ের নামে কৃষক হয়রানি বন্ধ কর’ এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা কমিটি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানিকগঞ্জ কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে।

সমাবেশে জেলা কৃষক সমিতির কার্যকরী সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আজাহারুল ইসলাম আরজু, জেলা খেতমজুর সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. মিজানুর রহমান হযরত, সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মান্নান, কৃষক নেতা কমরেড দুলাল বিশ্বাস, ছাত্র ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন দুর্জয়। এছাড়া সংহতি জ্ঞাপন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড মজিবর রহমান মাস্টার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, অ্যাড. রওশন আলম প্রমুখ। বক্তারা সরকার ঘোষিত ১০৪০ টাকা মণ দরে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানান।

নবাবগঞ্জে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ধান ক্রয় কেন্দ্র চালু করার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির নেতৃবৃন্দ। গতকাল দুপুরে উপজেলার চৌরাস্তায় প্রথমে মানববন্ধন ও পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান বাজারে ধানের মূল্য ৫শ থেকে ৬শ টাকা। যার ফলে কৃষকদের বিরাট লোকসান গুনতে হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন, উপজেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান ও আব্দুস ছালাম, সিকিম আলি মেম্বার, শাকিম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।