ধানের অভাবে শতাধিক চাতাল বন্ধ পাঁচ হাজার শ্রমিক বেকার
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১১
ধানের অভাবে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শতাধিক চাতাল বন্ধ হয়ে গেছে। দেশের অন্যতম ধান-চালের মোকাম ফুলবাড়ি, যেখানে প্রতিদিন গড়ে কোটি টাকার চাল উত্পাদন হতো, সেখানে গত এক পক্ষকালে এ মোকামে এক টন চালও উত্পাদন হয়নি। মিল চাতাল বন্ধের সঙ্গে ফুলবাড়ি মোকামে কর্মরত প্রায় তিন হাজার নিয়মিত এবং এক থেকে দেড় হাজার অনিয়মিতসহ বেকার হয়ে পড়েছেন অন্তত পাঁচ হাজার চাতাল শ্রমিক। ব্যবসায়ীরা জানান, ক’দিন আগেও ফুলবাড়ির মোকাম হাজারো মানুষের পদচারণায় মুখরিত ছিল। বন্ধ হওয়ার আগে উত্পাদিত চাল বিক্রিও এখন শূন্যের কোঠায়। চালের দাম গত কয়েকদিনে প্রকার ভেদে প্রতিবস্তা (৮০ কেজির বস্তা) বেড়েছে ২০০ টাকা থেকে ৩০০ টাকা।
চাতাল শ্রমিক মোকাররম হোসেন, আবুল কাশেম, জরিনা বেগম, আঁঁখি আরা ও বাবলী খাতুন বলেন, যেভাবে চাতাল বন্ধ হয়ে যাচ্ছে তাতে করে তাদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়বে। উপজেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শমিউল ইসলাম বলেন, ক্রেতার অভাবে প্রায় সবক’টি চাতাল বন্ধ হয়ে গেছে।