শৈলকুপায় আ’ লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১১
স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দু’পুলিশসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ২২ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। আহত ৪ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, সিদ্ধি গ্রামে রেজাউল করিম দুলালের একটি ও জিল্লুর রহমান তপনের একটি সামাজিক দল আছে। দু’দলই আওয়ামী লীগের সমর্থক। সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে এ দু’গ্রুপের মধ্যে শত্রুতা চলে আসছে। আগামী ২০ এপ্রিল বাকাই সি্দ্ধি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধি গ্রামবাসী দু’দলে বিভক্ত হয়ে পড়ে। জিল্লুর রহমান ওরফে তপন গ্রুপের রাকিবুল হাসান নামে একজনকে রেজাউল করিম ওরফে দুলাল গ্রুপের লোকজন মারপিট করে। এর জের ধরে দু’ গ্রুপের প্রায় হাজার দেড়েক লোক ঢাল, সড়কি, রামদা, ভেলা, লাঠি-সোঠা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২২ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সংঘর্ষকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।