পাটের রপ্তানি না থাকায় সৈয়দপুরে পাট প্রেস বন্ধ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৩
রপ্তানি বাণিজ্য না থাকায় নীলফামারীর সৈয়দপুরে বন্ধ হয়ে গেছে ৫টি পাট প্রেস। ফলে প্রেসে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। শ্রমিকদের কোলাহলে মুখরিত প্রেসগুলো এখন মৃতপ্রায়। তালা ঝুলছে এল, আর এন্টারপ্রাইজ, রাইট ফাইবার, গোল্ডেন ফাইবার ও জুলু জুট ট্রেডিং কোম্পানিতে।
উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর শহরের পাট প্রেসগুলো থেকে প্রতিবছর আড়াই থেকে ৩ হাজার কোটি টাকার পাট রপ্তানি করা হয় বহির্বিশ্বে। এর মধ্যে সিংহভাগ পাটই রপ্তানি হতো পার্শ্ববর্তী দেশ ভারতে। পাশাপাশি পাকিস্তান, চীন, মালয়েশিয়া, রাশিয়া ও জার্মানিতে রপ্তানি করা হতো এসব পাট। ভারতে রপ্তানির ব্যাপারে রপ্তানিকারকরা জানান, দেশের বেনাপোল কিংবা বুড়িমারী স্থলবন্দর দিয়ে কম সময়ে পাট রপ্তানি করা যায় এবং অল্প দিনে পুঁজি হাতে চলে আসে। কিন্ত অন্য দেশে পানিপথে রপ্তানি করতে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সময়ও লাগে প্রচুর, আর অর্থ প্রাপ্তিতে থাকে দীর্ঘসূত্রিতা। ফলে ভারতই টার্গেট রপ্তানিকারকদের। কিন্তু হঠাত্ করে ভারতের আমদানিকারকরা এক মাস ধরে পাট রপ্তানি বন্ধ রেখেছে। এতে করে বন্ধ হয়ে গেছে সৈয়দপুরের সবক’টি জুট প্রেস।