ব্রিজ অ্যাপ্রোচ ধসে পড়ায় জনদুর্ভোগ
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৪
দিরাই উপজেলার ব্যস্ততম দিরাই কর্ণগাঁও গচিয়া সড়কের কর্ণগাঁও ব্রিজের অ্যাপ্রোচ ধসে যাওয়ায় এ সড়কে জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। প্রায় একবছর যাবত্ এ ব্রিজের অ্যাপ্রোচ ধসে থাকলেও আজ পর্যন্ত মেরামতের কোন উদ্যোগ নেই। উপজেলার পশ্চিমাঞ্চলের তিনটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত কর্ণগাঁও গচিয়া সড়ক দিয়ে। কিন্তু এলজিইডি’র কর্ণগাঁও-গচিয়া সড়কের কর্ণগাঁও ব্রিজের অ্যাপ্রোচের মাটি ধসে গিয়ে ব্রিজটির গার্ড ওয়ালের কাছে সুড়ং হয়ে গেছে। ফলে যান চলাচলের সময় ব্রিজটিতে কাঁপুনির সৃষ্টি হয়। যে কোন সময় এখানে মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। তত্কালীন দপ্তরবিহীন মন্ত্রী বর্তমান সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ২০১৩ সালের আগষ্ট মাসে ব্রিজটির অ্যাপ্রোচ পরিদর্শন করেন এবং তা মেরামতের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ দেয়ার ৮মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। যেকোন সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।