নৈশপ্রহরী নিয়োগে অনিয়ম
ইউএনওসহ ৫ জনের বিরুদ্ধে সমনজারি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৪
সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে কর্মচারী নিয়োগের বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দরের ইউএনও ও রাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিজ্ঞ আদালত বিবাদীদের ২৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে সরকারি নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে একই উপজেলার আলোকডিহি গ্রামের আলমগীর কবির বাদী হয়ে সহকারী জজ আদালত চিরিরবন্দরে মামলা (নং-১৩/১৪) দায়ের করায় মামলার ৫ বিবাদী স্কুলের পরিচালনা ও বাছাই কমিটির সভাপতি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব এবং চাকরি প্রার্থী আলোকডিহির মোঃ আমান উল্লাহের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সমনজারি করেছেন। বিবাদীদের আগামী ২৮ এপ্রিল স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেয়া হয়েছে।