বাসাইলে কবর থেকে ১১টি কঙ্কাল চুরি নিয়ে আতংক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি কবরস্থানের কবর খুঁড়ে ১১টি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লা গ্রামের সামাজিক কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার হাবলা ইউনিয়ন পরিষদের মেম্বর আকবর আলী সাংবাদিকদের জানান, সকালে স্থানীয় লোকজন হাঁটতে এসে ঐ কবরস্থানের একটি কবর খোঁড়া দেখতে পান। এ সময় লোকজন কবরস্থানের ভেতরে ঢুকে একে একে ১২ টি কবর খোঁড়া দেখতে পায় এবং ১১টি কঙ্কাল ও হাড়গোড় চুরি হয়েছে বলে নিশ্চিত হন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দিকে ঘটনার পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। কবরস্থানে পাহারা বসানো হয়েছে।