পৃথক ঘটনায় চারজন নিহত
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৫
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে ৪ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এবং সংবাদদাতারা।
রায়গঞ্জে ময়না তদন্ত ছাড়াই গৃহবধূর লাশ দাফন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ময়না তদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে দাফন করা হয়েছে স্বামী কর্তৃক নির্যাতিতা আত্মহননকারী গৃহবধূর লাশ। মর্জিনা (২৪) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের তাঁত শ্রমিক আব্দুল মজিদের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, প্রতিবেশীর দায়ের করা একটি মিথ্যা মামলায় সাক্ষ্য দেয়ার বিষয় নিয়ে মজিদের সাথে মর্জিনা খাতুনের প্রচণ্ড বাক-বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা ঐ বাড়িতে গিয়ে মর্জিনার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে।
থানার এসআই মাহবুব জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি ঝুলন্ত লাশ পাননি। ভিকটিমের পক্ষে কোনো বাদী না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ দাফন করার জন্য স্বজনদের হেফাজতে দেয়া হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।
গাংনীতে গৃহবধূর লাশ উদ্ধার
মেহেরপুরে গাংনীতে তাসলিমা খাতুন নামের এক গৃহবধূর লাশ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার পিরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড় থেকে উদ্ধার করে পুলিশ। সে উপজেলার নওদাপাড়া গ্রামের আলতাব হোসেনের দ্বিতীয় স্ত্রী। স্বামী ও সতিন তাকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
ইসলামপুরে নৈশপ্রহরীর মৃত্যু
ইসলামপুরে গত বৃহস্পতিবার সকালে ওমর (৪৫) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু ঘটেছে। জানা গেছে, জে, জে,কে,এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনের দুই নৈশপ্রহরী নটারকান্দা গ্রামের ঘড়ি ও উত্তর দরিয়াবাদ গ্রামের মৃত রশিদের ছেলে ওমরের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হলে এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ওমর গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের মাছের ঘের থেকে গৃহবধূর লাশ উদ্ধার
গোপালগঞ্জের একটি মাছের ঘের থেকে শুক্রবার সকালে সদর উপজেলার করপাড়া গ্রামের গৃহবধূ লাকী ভদ্রের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ছোটন সিকদারের ঘের থেকে উদ্ধার করা নিহত লাকী ভদ্র করপাড়া গ্রামের গোলক ভদ্রের স্ত্রী। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে।